খেলাধুলা

ভারত ম্যাচ বয়কট করলে কেমন শাস্তি পেতে পারে পাকিস্তান?

বয়কটের আওয়াজ তুললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। তবে দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে না খেলার কথা জানানো হয়েছে।

ক্রিকেটের যেকোনো বৈশ্বিক আসরে তুমুল উন্মাদনা থাকে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। এই ম্যাচের চাহিদা থাকে সবকিছুর শীর্ষে। তবে গ্রুপ পর্বে এবার দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে।

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের বেশ কিছু বড় ক্ষতি হবে। হারাতে হবে ওই ম্যাচের ২ পয়েন্ট। আইসিসির ১৬.১০.৭ ধারা অনুযায়ী, রানরেটের ওপর প্রভাব পড়বে কোনো দল ম্যাচ না খেললে। তবে এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না ভারতের নেট রানরেটে।

ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে আর্থিক বিষয়টিও জড়িত। ২০১২ সালের পর দুই দলের কোনো দ্বিপাক্ষিক সিরিজ না হলেও বিশ্ব আসরে প্রতিবারই দেখা হয় দুই দলের। এই ম্যাচের লভ্যাংশ পায় দুই দলই। তবে না খেললে পাকিস্তান সেই লভ্যাংশ পাবে না।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে না খেলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তান সরকার। তবে পিসিবি এখনো আইসিসিকে কোনোকিছু আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর পিসিবিকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

পাকিস্তানের জাতীয় নীতির বিষয়ে সরকারের ভূমিকার প্রতি আইসিসি সম্মান জানালেও এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট বা সারা বিশ্বের সমর্থকদের কল্যাণের পক্ষে নয়। এর মধ্যে পাকিস্তানের লাখ লাখ ভক্তও অন্তর্ভুক্ত।

আইএন