জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনে নতুন ক্যাবল স্থাপন কাজের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন বিদ্যুৎসেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ সাজিদ ভবনের বেজমেন্টের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড (এমডিবি) থেকে সপ্তম তলা পর্যন্ত পুরোনো মেইন ক্যাবল পরিবর্তন করে প্রতিটি ফ্লোরের ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড (এফডিবি) পর্যন্ত নতুন ক্যাবল স্থাপন করা হবে। এই সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪, ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি (বুধবার থেকে শনিবার) প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উক্ত ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উপাচার্যের অনুমোদনক্রমে জারি করা এই বিজ্ঞপ্তিতে কাজ চলাকালীন সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্ত কাম্য বলে উল্লেখ করা হয়েছে। বিদ্যুৎ বন্ধ থাকার ফলে উক্ত ভবনে অবস্থিত বিভাগ ও অফিসগুলোর দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
টিএইচকিউ/ইএ