বাংলাদেশের পরিবর্তন চাইলে গণভোটের ‘হ্যাঁ’ পক্ষে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, বাংলাদেশ মানুষ যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তারা দিল্লি-পিন্ডির গোলামির বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়েছে। সবশেষে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে রক্ত ঝরিয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাহ মাদ্রাসা মাঠে ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এ সময় তিনি রিকশা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভাঙ্গা উপজেলা যুব মজলিসের সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, ফরিদপুর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, ঢাকা দক্ষিণের সভাপতি মো. সানাউল্লাহ, এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সাকিল আহমেদ প্রমুখ।
এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম