প্রশ্ন: আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা কি জরুরি?
উত্তর: নারীদের মাথা ঢেকে রাখা বা মাথায় ওড়না দেওয়া আজানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিধান নয়। বিশেষভাবে আজানের সময় মাথা ঢাকা বা মাথায় ওড়না দেওয়ার কোনো গুরুত্ব বা ফজিলত কোরআন-হাদিসে বর্ণিত হয়নি।
নারীদের মাথা বা চুল ঢেকে রাখা ইসলামের পর্দার বিধানের সঙ্গে সংশ্লিষ্ট। ইসলামে গায়রে মাহরাম বা অনাত্মীয় পুরুষদের সামনে নারীদের মাথা ও চুলসহ পুরো শরীর ঢেকে রাখা ফরজ, শুধু চেহারা, হাতের কব্জি ও পায়ের পাতা প্রকাশিত রাখা যায়।
কোরআনে আল্লাহ তাআলা নারীদের পর্দা করার নির্দেশ দিয়ে বলেন, মুমিন নারীদের বলো, যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন নিজদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সুরা নুর: ৩১)
এ আয়াত থেকে যেমন গায়রে মাহরাম পুরুষ বা পরপুরুষদের সামনে পর্দা করার অপরিহার্যতা বোঝা যায়, মাহরাম পুরুষদের সামনে পর্দা করা, মাথায় ওড়না দিয়ে বা হিজাব পরে সৌন্দর্য গোপন করা আবশ্যক নয় তাও বোঝা যায়। একইভাবে শিশু ও নারীদের সামনেও নারীদের পর্দা করা জরুরি নয়। মাথায় কাপড় দেওয়া বা ওড়না রাখাও জরুরি নয়।
তাই নারীরা যখন শুধু শিশু, নারী ও মাহরাম পুরুষদের মধ্যে অবস্থান করে, তখন তাদের জন্য মাথায় ওড়না দেওয়া বা মাথা ঢেকে রাখা আবশ্যক নয়। আজানের সময়ও তা আবশ্যক নয়।
আর গায়রে মাহরাম পুরুষদের সামনে নারীদের জন্য সব সময়ই মাথা ঢেকে রাখা আবশ্যক, বিশেষভাবে শুধু আজানের সময় নয়, বরং আজানের সময় ও অন্যান্য সময়ও।
ওএফএফ