ক্যাম্পাস

রাবির ভর্তি পরীক্ষায় আটক সেই শিক্ষার্থীর শাবিপ্রবিতে ভর্তি স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা চলাকালীন মোবাইলে উত্তর খোঁজার অভিযোগে আটক হওয়া দিব্য জ্যোতি সাহার ভর্তি স্থগিত করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ভর্তি কমিটি বলছে, দিব্য নিজের এইচএসসির মূল মার্কশিট সঙ্গে আনতে না পারায় তার ভর্তি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অব এক্সিলেন্স’ ভবনে ভর্তি হতে আসেন দিব্য। এসময় তিনি দাবি করেন, এইচএসসি মূল মার্কশিটটি হারিয়ে যাওয়ায় সেটি আনতে পারেননি।

জানা যায়, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া শাবিপ্রবির স্নাতক প্রথম বর্ষের ‘এ-১’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৫.৭৮ নম্বর পেয়ে ৯৯তম হয়েছিলেন দিব্য। প্রকাশিত ফলাফল অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

শাবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জাগো নিউজকে বলেন, দিব্য আমাদের জানায় মার্কশিট হারিয়ে ফেলার কারণে সেটি সঙ্গে আনতে পারেনি। ভর্তি কমিটি চাওয়ার প্রেক্ষিতে সে মার্কশিট হারানোর ‘জিডির কপি’ জমা দিয়ে গেছে। ১০ ফেব্রুয়ারির মধ্যে তার মূল সার্টিফিকেট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যদি সেটি না দিতে পারে তাহলে ভর্তি বাতিল হয়ে যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা সম্পর্কে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনা করিনি। সে মূল সার্টিফিকেট আনলে পরবর্তীতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আপাতত তার ভর্তি প্রক্রিয়া স্থগিত রয়েছে।

এ বিষয়ে জানতে চেয়ে দিব্য জ্যোতি সাহাকে একাধিকবার মুঠোফোনে কল করা হলে তিনি সাড়া দেননি।

এসএইচ জাহিদ/এফএ/এমএস