দেশজুড়ে

দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৮১ কারাবন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৮১ কারাবন্দি। এছাড়া নির্বাচনের দিন দায়িত্ব পালন করা ৯ জন কারা কর্মকর্তা ও কর্মচারীও এ প্রক্রিয়ায় ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দিনাজপুর জেলা কারাগারে এক হাজার ৮৮৯ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৮১ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এদের মধ্যে ৭৮ জন পুরুষ, ৩ জন মহিলা। ইতোমধ্যে পোস্টাল ভোট প্রদানের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন দিনাজপুর কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে দিনাজপুর কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকার বলেন, বন্দিদের ভোট দেওয়ার জন্য দুটি বুথ করা হয়েছে। এছাড়াও বন্দিদের ভোটাধিকার প্রয়োগের নিয়ম-কানুনের বিষয়ে তাদের অবগত করা হয়েছে।

দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরে ভোট এবং গণভোটে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২২ হাজার ৩৪৯ জন ভোটার। এতে প্রবাসী ছাড়াও নির্বাচনি কাজে ব্যস্ত ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৮১ জন বন্দি ও ৯ জন কারা কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

এমদাদুল হক মিলন/কেএইচকে/এমএস