আন্তর্জাতিক

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত বহু

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় একটি উৎসব থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আলাগোয়াস রাজ্যের গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসটি উল্টে গেলে কয়েকজন যাত্রী ছিটকে পড়েন এবং অন্যরা বাসের নিচে চাপা পড়ে আটকে যান।

আলাগোয়াস রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ ও চারজন শিশু রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, বাসটি সিয়ারা রাজ্যে অনুষ্ঠিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতি বছর ২ ফেব্রুয়ারি এ উৎসবে হাজারো ভক্ত অংশ নেন।

আলাগোয়াস এভিয়েশন বিভাগের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেছেন, বাসটি একটি বাঁকে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী বাইরে ছিটকে পড়েন এবং অনেকেই বাসের নিচে আটকে পড়েন। এটি অত্যন্ত ভয়াবহ, এমনকি অস্বাভাবিক ধরনের দুর্ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাসটি এক পাশে পড়ে আছে এবং আহত যাত্রীরা আশপাশে সাহায্যের অপেক্ষায় বসে আছেন।

আলাগোয়াস রাজ্যের গভর্নর পাওলো দান্তাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন.

সূত্র: আল-জাজিরা

কেএম