দেশজুড়ে

বেঁচে থাকতে জামায়াতকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া হবে না

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মুনাফেকের দল জামায়াতে ইসলামকে কোনো দিন কোনো কালে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যতদিন আমি বেঁচে আছি, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

মিন্টু বলেন, আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন, ১২ তারিখে যেন ধানের শীষে একটা ভোট দেন। তাহলে আমি একটা সুযোগ পাবো। সেই সুযোগের আমি সৎ ব্যবহার করবো। ফেনী-৩ আসনে আমার প্রিয় সোনাগাজী ও দাগনভূঞায় সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করবো। সেটি নদী ভাঙন, স্কুলের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হোক-সকল কাজে আপনাদের সঙ্গে একত্রে মিলেমিশে উন্নয়ন করব।

জামায়াতে ইসলামী জনগণের উন্নয়ন চায় না উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনোদিন কোনো কালে জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে। তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চান মারামারি। তারা করে মুনাফেকি, বলে মিথ্যা কথা। তারা সুযোগ সন্ধানী। আমাকে যদি বাদ দিতে পারে, যেন নিজেরাই হয়ে যাবে। এটি হলো শয়তানের সুযোগ সন্ধানী চিন্তা। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না।

এ সময় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/এমএস