পঞ্চগড়-১ আসনে রাত ৮টা পরেও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনি পথসভায় মাইক ব্যবহার করায় এনসিপি নেতা হাবিবুর রহমান হাবিবকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ জরিমানা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ পরিশোধ করা হয়।
হাবিবুর রহমান হাবিব তেঁতুলিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনি পথসভা চলছিল। সেখানে সারজিস আলমসহ জামায়াতের জেলা আমির ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন। রাত ৮ টার পরেও মাইক ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচন আচরণ বিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামীতে নির্বাচনি সভায় নির্ধারিত সময়ে মাইকের ব্যবহার করতে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ বলেন, আমরা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে। বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের আচরণবিধি সম্পর্কে অবগত হতে সতর্ক করা হয়েছে।
এনসিপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনি পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জরিমানাকৃত অর্থ নগদ দেওয়া হয়েছে। আগামীতে নির্ধারিত সময়ের মধ্যে আচরণবিধি মেনে আমাদের মাইক ব্যবহার করা।
সফিকুল আলম/এনএইচআর/এএসএম