তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর করের বোঝা কমাতে কর কাঠামো পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় আগাম কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন১০ বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে এলপিজির বাজার১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে এলপি গ্যাসের ওপর সামগ্রিক করভার কিছুটা হলেও কমবে। এর প্রভাব সরাসরি স্থানীয় বাজারে পড়বে এবং ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম আরও কমে আসবে বলে সরকার আশা করছে।
তিনি জানান, কর কাঠামোর এই পুনর্বিন্যাসের মাধ্যমে এলপি গ্যাসের বাজারকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করার পাশাপাশি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এমইউ/ইএ