বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে আবার দেশে জঙ্গীবাদের উত্থান হবে। বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে। তাই তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধর্মান্ধ এই জঙ্গিগোষ্ঠী আবার যদি সুযোগ পায় তাহলে দেশের অনেক বড় ক্ষতি হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। অপশক্তির কাছে দেশ জাতি ও জনগণ নিরাপদ নয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, একটি দল মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। সেখানে গিয়ে বলছে, আপনারা ধানের শীষ, নাঙ্গল ও নৌকা দেখেছেন। এবার আমাদেরকে দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি বলেন, আপনাদের অপকর্ম তো ৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিরোধী চক্রেরা এই দেশের মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছে।
জামায়াতের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, এখনো পর্যন্ত তারা জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না। জাতীয় সংগীতও গায় না। তারা বাংলাদেশকে স্বীকার করে না। তারা এইভাবে বিভ্রান্তি তৈরি করছে। তাদের কাছে এই দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তারা যদি সুযোগ পায়, এই দেশের অনেক বড় ক্ষতি হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তারেক রহমান এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে যে প্ল্যান হাতে নিয়েছে, স্বাধীনতার পর কোনো দল এই ধরনের প্ল্যান হাতে নেয়নি। তার এই প্ল্যানে দেশের মানুষ ও রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন ও শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
সঞ্জিত সাহা/কেএইচকে/এএসএম