জাতীয়

মুন্সিগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে

মুন্সিগঞ্জের গজারিয়ায় হাজী আব্দুল কাইয়ুম দেওয়ান (৩৮) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গজারিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত কাইয়ুম দেওয়ানের ছোট ভাই মাইন উদ্দিন দেওয়ান জানান, তার ভাই দীর্ঘদিন ধরে গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত। এলাকায় একটি পুলিশ ফাঁড়ির জন্য বাড়িভাড়া নেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন। কিন্তু কেউ ভাড়া দিতে রাজি না হওয়ায় তার ভাই বাড়িভাড়া দিতে রাজি হন।

তিনি আরও জানান, পুলিশ ফাঁড়ি স্থাপনের পর ওই এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও মাদক কারবার বন্ধ হয়ে যায়। এতে একটি সন্ত্রাসী গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে তাদের হুমকি দিতে থাকে।

মাইন উদ্দিন দেওয়ান জানান, শুক্রবার বিকেলে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল ছুরি-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার ভাইয়ের ওপর হামলা চালায়। এসময় তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয় এবং পায়ে চারটি গুলি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যার দিকে গজারিয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা বেশ আশঙ্কাজনক।

কাজী আল-আমিন/এমকেআর