আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র শিল্প নিয়ে কোনো আলোচনা হবে না: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র শিল্প নিয়ে কখনোই কোনো আলোচনা করা হবে না। তিনি জানান, এটি পুরোপুরি প্রতিরক্ষামূলক বিষয় এবং আলোচনার আওতার বাইরে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দোহায় আল-জাজিরা ফোরামের ১৭তম অধিবেশনের ফাঁকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরাঘচি জানান, একদিন আগে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষভাবে যে আলোচনা হয়েছে, তা ভালোভাবে শুরু হয়েছে। তবে পারস্পরিক আস্থা গড়তে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনা সরাসরি নয় এবং শুধু পারমাণবিক ইস্যু নিয়েই সীমাবদ্ধ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অবিচ্ছেদ্য অধিকার এবং এটি চালু থাকবে। এমনকি সামরিক হামলাও ইরানের সক্ষমতা ধ্বংস করতে পারেনি।

তিনি স্পষ্ট করে জানান, শূন্য শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কখনোই আলোচনার বিষয় নয়।

এছাড়া তিনি আবারও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প কখনোই আলোচনার অংশ হবে না, কারণ এটি দেশের প্রতিরক্ষার সঙ্গে জড়িত।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এমএসএম