খেলাধুলা

সূর্যের ঝড়ে বিপদ কাটিয়ে চ্যালেঞ্জিং পুঁজি ভারতের

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় বিপদেই পড়েছিল ভারত। ৭৭ রানে হারিয়ে বসেছিল ৬ উইকেট। সেখান থেকে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং পুঁজিই দাঁড় করিয়েছে ভারত। অর্থাৎ জিততে হলে ১৬২ রান করতে হবে যুক্তরাষ্ট্রকে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। শুরুতেই ফিরে যান প্রতিপক্ষের ত্রাস অভিষেক শর্মা, গোল্ডেন ডাকে (১ বলে ০)।

এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে তিন উইকেট তুলে নেন শাদলে ফন শকউইক। ঝড় তোলার চেষ্টা করেছিলেন ইশান কিশান। তবে ১৬ বলে ২০ রানে থামতে হয় তাকে। তিলক ভার্মা ফেরেন ১৬ বলে ২৫ করে। শিভাম দুবেকে গোল্ডেন ডাকে সাজঘরের পথ দেখান শকউইক।

৫ বল আর মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর রিঙ্কু সিং (৬), হার্দিক পান্ডিয়াও (৫) ফিরে যান অল্প রানেই। ৭৭ রানে ৬ উইকেট হারায় ভারত।

সেখান থেকে দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। ভারতীয় অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৪৯ বলে খেলেন ৮৪ রানের ইনিংস। যে ইনিংস ১০টি চারের সঙ্গে ছিল ৪টি ছক্কায় সাজানো। এছাড়া ১১ বলে ১৪ রান আসে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে।

যুক্তরাষ্ট্রের ডানহাতি পেসার শাদলে ফন শকউইক ২৫ রানে শিকার করেন ৪ উইকেট।

এমএমআর