ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাতদিন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
এসময় ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের কার্যনির্বাহী সদস্য রিয়াদুস সালেহীন বলেন, ‘ভোট সবার গণতান্ত্রিক অধিকার। আজকে ঢাবি প্রশাসন শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে। বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনবিমুখী আচরণ করেছে। ঢাবি প্রশাসনও যদি অনুরূপ আচরণ করে তাহলে আমরা ধরে নেব তারা স্বৈরাচারী আচরণ করছে।’
‘আমার বাড়ি পঞ্চগড়। এখন আমাদের যদি ১০ ফেব্রুয়ারি বন্ধ দেওয়া হয় তাহলে আমি কি ১২ তারিখ বাড়ি গিয়ে ভোট দিতে পারবো? তখন তো যান চলাচল সীমিত করে দেওয়া হবে। এজন্য আমরা ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ চাই,’ যোগ করেন তিনি।
শহীদুল্লাহ হল সংসদের আরেক কার্যনির্বাহী সদস্য আবু নাইম বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। এতে উৎফুল্ল। কিন্তু ভোটের সময়কার ছুটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে মকারি করছে। যেসব শিক্ষার্থীর বাড়ি উত্তরবঙ্গে, তাদের যেতে অনেক সময় লেগে যায়। এবারের ভোটে ঈদের আমেজ বিরাজ করছে। তাই ভোটের আগে রাস্তায় তীব্র যানজট থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের ৮ ফেব্রুয়ারি থেকে ছুটি কার্যকর হলে যথাসময়ে বাড়ি গিয়ে ভোট দিতে পারবো।’
এফএআর/একিউএফ