গণমাধ্যম

বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ডিআরইউ’র

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের অশোভন ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। কর্মসূচি থেকে বাসস এমডির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। মানববন্ধনে সাংবাদিক নেতারা মাহবুব মোর্শেদের নেতিবাচক নানা কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে তার পদত্যাগ ও ক্ষমা প্রার্থনার দাবি জানান।

বাসস এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগের দাবি জানান তিনি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ডিআরইউ সভাপতি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, স্বাধীনতার পর বাসসের এমডি হিসেবে এমন ব্যক্তি আসেননি যাকে সাংবাদিক সমাজ চেনে না। তিনি অভিযোগ করেন, বর্তমান এমডিকে নির্দিষ্ট স্বার্থে বসানো হয়েছে।

বিএফইউজে সভাপতি আরও দাবি করেন, বাসস এমডি দেশত্যাগের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা থেকে তার পাসপোর্ট জব্দ করার আহ্বান জানান। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে বিএফইউজে, ডিইউজে ও ডিআরইউ যৌথ কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, সাংবাদিক সমাজের কাছে অপরিচিত একজন ব্যক্তিকে বাসসের মতো জাতীয় প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, নিয়োগের পর তার বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিকরা ক্ষুব্ধ। সম্প্রতি ডিআরইউ সাধারণ সম্পাদকের সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন।

ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বাসস এমডি বিভিন্ন সাংবাদিক সংগঠন ও তাদের নেতাদের প্রতি কটূক্তি ও অবমাননাকর আচরণ করেছেন। তিনি অবিলম্বে তাকে অপসারণের দাবি জানিয়ে বলেন, যদি তাকে স্বাভাবিকভাবে সরানো না হয়, তবে ডিইউজে ও ডিআরইউসহ সব সংগঠন ও সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করবে এবং কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে অপসারণ করবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন—ডিআরইউ’র যুগ্ম সম্পাদক জাফর ইকবাল, ডিইউজের সহ-সভাপতি রফিক মোহাম্মদ, ডিআরইউর সাবেক সহসভাপতি গাজী আনোয়ার, সাবেক দপ্তর সম্পাদক কাওসার আজম, ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম রাজী, বাসসের জহিরুল হক রানা, হাফিজুর রহমান ও ডিআরইউর সদস্য মতলু মল্লিক।

এনএইচ/এমএমকে