দেশজুড়ে

সেপটিক ট্যাংকে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুদিন পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে কানিজ ফাতেমা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম চরমোহনা গ্রামে সেফটিক ট্র্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দেড় বছরের শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ হয় শিশু কানিজ। এ ঘটনায় তার মা মেরিন গুমের অভিযোগ এনে রায়পুর থানায় একই বাড়ির তোফায়েল আহম্মেদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) আসামি করে মামলা করেন। ওই মামলায় পুলিশ তাদের তিনজনকে গ্রেফতার করে।

শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তাদের সঙ্গে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তারাই হত্যা করে তার মেয়ের মরদেহ গুম করেন।

তবে পুলিশ হেফাজতে থাকা তোফায়েল আহম্মদ দাবি করেছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। তাদের সঙ্গে জমির বিরোধ রয়েছে। তাদেরকে ফাঁসাতে এ ঘটনা পরিকল্পিতভাবে নিজেরাই করতে পারেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, নিখোঁজের দুদিন পর শিশুটির মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

কাজল কায়েস/এসআর/এমএস