জাতীয়

সাবেক এমপি রুবিনা ও তার স্বামীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-২৮) সৈয়দা রুবিনা আক্তারের দুটি এবং তার স্বামী মোশাররফ হোসেন সরদারের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সৈয়দা রুবিনা আক্তার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তার নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে প্রায় ১৩৯ কোটি ৩৫ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের অভিযোগে দুদক মামলা দায়ের করেছে।

আরও পড়ুনস্বামীসহ সাবেক এমপি রুবিনার বিরুদ্ধে দুদকের মামলা

আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ পাচারের উদ্দেশ্যে ওই অর্থ সংশ্লিষ্ট দুটি হিসাবে জমা রাখা হয়েছে। তদন্ত চলাকালে যেকোনো সময় এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার আশঙ্কা রয়েছে।

এছাড়া, পৃথক আরেকটি আবেদনে তার স্বামী মোশাররফ হোসেন সরদারের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন জানায় দুদক, যা আদালত মঞ্জুর করেন।

এমডিএএ/ইএ