দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহত নারীর নাম খুরশিদা বেগম। এ ঘটনায় অভিযুক্ত স্বামীর নাম বলি আমিন। তারা দু’জনই ওই ক্যাম্পের বাসিন্দা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনাটি ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রোহিঙ্গা বাসিন্দা আহমেদ উল্লাহ জানান, রোববার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে বলি আমিন তার স্ত্রী খুরশিদা বেগমকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন আইআরসি আইপিডি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার করেন। তবে এমএসএফ হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, যতটুকু জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওসি নুর আহমেদ বলেন, কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হওয়ার বিষয়টি আমরা শুনেছি। ঘটনাটি ক্যাম্পের অভ্যন্তরে হওয়ায় সেখানে দায়িত্বরত এপিবিএন পুলিশ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তথ্য এখনো সংগ্রহ করা হয়নি।

জাহাঙ্গীর আলম/এমএন/জেআইএম