শিক্ষা

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে আজই

 

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে সভায় বসেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সভায় অনুমোদন হলে আজই ফল প্রকাশ করা হতে পারে।

পিএসসি সূত্র জানায়, পূর্ণ কমিশন সভায় ৪৬তম বিসিএসের ফল প্রকাশের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সিদ্ধান্ত হলে ৪৬তম বিসিএসের ফল যে কোনো সময় প্রকাশ করা হতে পারে।

৪৬তম বিসিএসের ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে চূড়ান্ত সুপারিশ করবে পিএসসি। এ বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চার হাজার ৪২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজকের সভায় চূড়ান্ত অনুমোদন পেলে এ প্রার্থীদের মধ্য থেকে উত্তীর্ণদের সাময়িকভাবে সুপারিশ করা হবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ৪৬তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে এক হাজার ৬৮২ জন সহকারী সার্জন ও ১৬ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন। এছাড়া শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনসহ অন্যান্য পেশাগত ক্যাডারের পদের জন্য যোগ্যদের নাম চূড়ান্ত করা হবে।

এএএইচ/এমকেআর