রাজনীতি

ভোটের আগে সঠিক দল বেছে নেওয়ার আহ্বান তারেক রহমানের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সঠিক দল বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘চোখটা বন্ধ করে এক মিনিটের জন্য চিন্তা করে দেখুন—এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, বিএনপি ছাড়া আর কোনো দল কি শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, কৃষক ভাইদের সহযোগিতা কিংবা মা-বোনদের স্বাবলম্বী করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পেরেছে?’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তিন দিন আগে রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল জনগণের সামনে পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি দাবি করে তারেক রহমান বলেন, ‘এর কারণ একটাই—এই মুহূর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যাদের দেশ সঠিকভাবে পরিচালনার অভিজ্ঞতা আছে। যাদের অভিজ্ঞতা আছে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা সকাল, সন্ধ্যা কিংবা রাত—যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন। তরুণ, যুবক, বয়স্ক—সবাই ব্যবসা-বাণিজ্য কিংবা চাকরি-বাকরি নিরাপদে ও নিশ্চিন্তে করতে পারবেন। এমন একটি দেশ চাই, যেখানে মানুষ রাতে নিজ নিজ ঘরে নিরাপদে ঘুমাতে পারবেন।’

এ লক্ষ্য বাস্তবায়নে সরকার গঠন করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তারেক রহমান।

ঢাকার জলাবদ্ধতা সমস্যা প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘যে যত শক্তিশালীই হোক না কেন, কেউ যদি খাল বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে, জলাবদ্ধতা তৈরি করে—তাকে সরিয়ে দিয়ে খাল পুনরুদ্ধার করা হবে।’

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘এই মুহূর্তে বিএনপিই একমাত্র দল, যাদের রাষ্ট্র পরিচালনা ও পুনর্গঠনের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সে কারণেই আমরা বিভিন্ন বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছি।’

এসব পরিকল্পনা বাস্তবায়ন এবং কর্মসূচি সফল করতে আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

কেএইচ/এমএমকে