বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়া নির্বাচিত হলে, দল যদি ক্ষমতায় যায় অবশ্যই তিনি মন্ত্রিত্ব পাবেন। এর ফলে তিনি নবীগঞ্জ-বাহুবলে উন্নয়নের জোয়ার বয়ে আনবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জের নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার সমর্থনে সমাবেশে তিনি এ কথা বলেন।
হুমায়ূন কবির বলেন, আপনারা একবার রেজাকে নির্বাচিত করেন। দেখবেন নবীগঞ্জ ও বাহুবলের উন্নয়ন কীভাবে হয়। সেটা দেখে অবাক হবেন। আল্লাহ যদি আমাকেও সরকারের কোনো দায়িত্বে দেন তাহলে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের পাশে সবচেয়ে বেশি থাকবে দলটি। পাশাপাশি কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণসহ তারা যে ফসল উৎপাদন করেন তার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। নবীগঞ্জ ও বাহুবলে একজন পরিচ্ছন্ন মানুষ হলেন রেজা কিবরিয়া। তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
উপজেলা বিএনপি আয়োজিত শেরপুর রোডস্থ করিম রেস্ট হাউজের সামনে এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা। সাধারণ সম্পাদক মজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর/এমএস