ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট হয়েছে। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক। একই আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামিম আহমেদ রিটটি করেন।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার (৮ ফেব্রুয়ারি) রিটটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শামিম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা।
রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিকত্ব নেন।
আইনজীবী মজনু মোল্যা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।
আরও পড়ুননাহিদের নামে তৈরি ডমিনিকান পাসপোর্ট ‘আসল নয়’: রিউমর স্ক্যানার
প্রার্থী রয়েছেন- বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান , জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
এদিকে নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিকত্ব নিয়েছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
প্রতিষ্ঠান বলছে, প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে ডমিনিকান পাসপোর্টের একটি নমুনা বা টেম্পলেট সংগ্রহ করে তাতে নাহিদ ইসলামের ছবি ও স্বাক্ষর ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে এই ভুয়া পাসপোর্টটি তৈরি করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জামায়াত ঐক্য জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে ভোটে লড়ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।
এফএইচ/বিএ