জাতীয়

অধ্যাপক রিটা সুসমুথের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

জার্মানির সাবেক ফেডারেল নারীবিষয়ক মন্ত্রী ও দেশটির পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. রিটা সুসমুথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

শোকবার্তায় ড. ইউনূস বলেন, অধ্যাপক রিটা সুসমুথ ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। তার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, রিটা সুসমুথ ছিলেন সমতা ও সামাজিক সংহতির একজন সাহসী ও প্রভাবশালী কণ্ঠস্বর। দীর্ঘ কয়েক দশক ধরে তাকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, জার্মানিতে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং নারীর অধিকার ও পরিবার কল্যাণের পক্ষে দৃঢ়তার সঙ্গে অবস্থান নিয়েছেন।

সাবেক ফেডারেল মন্ত্রী হিসেবে তিনি এইচআইভি/এইডস সংকট মোকাবিলায় দূরদর্শিতা ও সততার পরিচয় দেন। সে সময় কলঙ্ক আরোপের পরিবর্তে শিক্ষা ও মানবিক দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দিয়ে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন তিনি। সাম্প্রতিক সময় পর্যন্তও পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সংলাপের পক্ষে তিনি দৃঢ় অবস্থান বজায় রেখেছিলেন।

জার্মান পোস্টকোড লটারির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান এবং পরবর্তীতে সম্মানসূচক সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নাগরিক অংশগ্রহণ জোরদার, সামাজিক উন্নয়ন ও সংহতি বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষায় নিরলসভাবে কাজ করেছেন বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, তিনি একজন প্রথিতযশা রাষ্ট্রনায়ক ও সিদ্ধান্তগ্রহণকারীকে হারিয়েছেন, যিনি ছিলেন নিরলস সমাজকর্মী ও বহু মানুষের অনুপ্রেরণার উৎস। তার অবদান ও অর্জন চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

এমইউ/বিএ