আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী (ডাব প্রতীক) মো. নাজমুল হাসানের ব্যক্তিগত মোটরসাইকেল চুরি হওয়ার ঘটন ঘটেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় প্রার্থীর নিজ বাসার গ্যারেজে থেকে মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
নাজমুল হাসান পেশায় একজন আইনজীবী। তিনি ফরিদপুর জজকোর্টে কর্মরত আছেন। ফরিদপুরের সালথা উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে তার ফরিদপুর শহরের বাসার নিচতলার গ্যারেজে মোটরসাইকেলটি রেখে আদালতে যান। দুপুর ৩টার দিকে ফিরে এসে তিনি গ্যারেজে মোটরসাইকেলটি খুঁজে পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি বাসার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন।
অভিযোগে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখে কালো মাস্ক পরা একজন অজ্ঞাতপরিচয়ে যুবক (বয়স আনুমানিক ২৫ বছর), মাঝারি গড়নের, নীল-সাদা ছিটের শার্ট ও খাকি প্যান্ট পরা যুবক দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে বাসার নিচের গ্যারেজে প্রবেশ করে মোটরসাইকেলটি নিয়ে চলে যান। এ কাজটি তিনি মাত্র ৩৬ সেকেন্ডে সম্পন্ন করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই গ্যারেজে আরও দুইটি মোটরসাইকেল থাকলেও চোর সরাসরি এই মোটরসাইকেলের কাছে আসে এবং খুবই অল্প সময়ের মধ্যেই মোটরসাইকেলটির ওপরে বসে গ্যারেজ থেকে মোটরসাইকেলটি নিয়ে যায়।
নাজমুল হাসান বলেন, এ ঘটনায় আমি ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছি। মোটরসাইকেলটি উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আমাদের কাছে একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ মনে হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুততম সময়ে আমরা চোরকে গ্রেফতার ও মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হবে।
এন কে বি নয়ন/কেএইচকে/জেআইএম