দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজধানীর উত্তরায় নারীদের অংশগ্রহণে প্রতিরোধ যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উত্তরা রাজউক কলেজের সামনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আরিফুল ইসলামের শাপলা কলির পক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে আরিফুল ইসলাম বলেন, ‘আমরা দেখেছি হারার ভয়ে বিএনপি বিপক্ষ দলের নারীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। গতকাল পটুয়াখালীতে একজন গর্ভবতী নারীর পেটে লাথি মারার মতো গর্হিত ঘটনাও ঘটিয়েছে তারা।’
তিনি আরও বলেন, ‘প্রতিদিন পত্রিকা খুললেই বিএনপির অঙ্গ সংগঠনের সদস্যদের দ্বারা ধর্ষণের সংবাদ দেখা যায়। নোয়াখালীতে মা-মেয়েকে ধর্ষণকারীকে অভিযুক্তকে সঙ্গে নিয়ে বিএনপি প্রার্থী নিয়মিত প্রচারণা চালাচ্ছে।’
আরিফুল ইসলাম অভিযোগ করেন, ‘৪৮ নং ওয়ার্ড, বরুয়া ও ৫৪ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় আমাদের নারী কর্মীদের কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে এবং নিয়মিতভাবে নানাভাবে হেনস্তা করা হচ্ছে।’
তিনি এসব জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এসব জুলুমের জবাব ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে।’
সমাবেশ শেষে নারীরা একটি প্রতিরোধ যাত্রায় অংশ নেন। আজমপুর থেকে শুরু হওয়া এ যাত্রা উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নারীরা সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নিপীড়নের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।
আরএএস/ইএ