দেশজুড়ে

একসঙ্গে বেড়ে ওঠা, পাশাপাশি কবরে শায়িত হলো তিন বন্ধু

একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে লেখাপড়া-খেলাধুলা সবকিছুই। আবার শেষ অন্তিম যাত্রায়ও এক হলো তিন বন্ধু।

কুষ্টিয়ার দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র সাইফ হোসেনের (১৪) মৃত্যুর মধ্য দিয়ে না ফেরার দেশে চলে গেলো সপ্তম শ্রেণির তিন বন্ধু। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় সাইফের মৃত্যু হয়। এর আগের দিন শনিবার একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় তার দুই সহপাঠী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গ্রামের কবরস্থানে জানাজা শেষে সাইফকে দাফন করা হলে, পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত হয় তিন বন্ধু।

নিহতরা হলো- দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত উল্লাহর ছেলে রহমত উল্লাহ (১৪), আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন (১৪) এবং জিয়ার আলীর ছেলে সাইফ হোসেন (১৪)। তারা সবাই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু প্রাইভেট পড়ার উদ্দেশ্যে দৌলতখালী মাদরাসা মোড়ে যায়। পড়াশোনা শেষে সকাল ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দৌলতখালী হাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

আরও পড়ুন:প্রাইভেট পড়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো দুই সহপাঠীর

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

একই গ্রামের একই স্কুলের ও একই শ্রেণির তিন শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বিকেলে রহমত ও সাহাবীর এবং সোমবার সকালে সাইফের জানাজা শেষে দৌলতখালী চৌহদ্দিপাড়া মাঠ এলাকার কবরস্থানে তিন বন্ধুকে পাশাপাশি দাফন করা হয়। প্রিয় সন্তানদের হারিয়ে পরিবারগুলোতে চলছে হৃদয়বিদারক মাতম।

স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, আমাদের বাড়ির পাশেই ওই তিন শিক্ষার্থীর বাড়ি। তারা সবাই একই শ্রেণিতে পড়ত। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী আমাদের গ্রাম আগে কখনো হয়নি। নিহতদের পরিবারের পাশাপাশি পুরো গ্রাম শোকাহত।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তৃতীয় ছাত্র সাইফও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনায় নিহত তিন কিশোরকে তাদের নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আল-মামুন সাগর/এমএন/এএসএম