চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমরা সাড়ে ১৬ বছর নিজ বাড়িতে ঘুমাতে পারিনি। পুলিশ বসতঘরে ঢুকে তল্লাশি চালিয়ে যাকে পেত তাকেই ধরে নিয়ে যেত। এমনকি আমার বাবা জানাজা পড়ার সুযোগ দেয়নি পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আমাদের ঘরে শান্তি ছিল না। পুলিশ বসতঘরে ঢুকে তন্নতন্ন করে খুঁজে বের করে ধরে নিয়ে যেত। সেই ভয়াবহ দিনগুলোর কথা আজও মনে পড়লে শিউরে উঠি।
তিনি আরও বলেন, আমার ছোট ভাইকে গ্রেফতার করে চার মাস গুম করে রাখা হয়েছিল। আমরা ভেবেছিলাম, তাকে আর ফিরে পাব না। কিন্তু চার মাস পর তাকে পাওয়া যায়। আমার প্রতিটি ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অর্ধশত মিথ্যা মামলা মাথায় নিয়ে আমি সাড়ে ১৬ বছর মানবেতন জীবন-যাপন করেছি।
তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—আমার বাবার মৃত্যুতে আমাকে জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি। ভাইয়ের জানাজায় অংশ নিতে পারলেও দাফন কার্যক্রম শুরুর আগেই ৬–৭টি পুলিশের গাড়ি আমার বাড়িতে এসে হাজির হয়।
নূরুল ইসলাম বুলবুল বলেন, দীর্ঘদিন নির্যাতনের শিকার হলেও তিনি কখনো এলাকার মানুষের পাশ থেকে সরে যাইনি এবং আগামীতেও জনগণের অধিকার আদায়ে করব।
সোহান মাহমুদ/কেএইচকে/এএসএম