খেলাধুলা

শেষের পথে নারী ফুটবল লিগ, এখন হলো ট্রফি উন্মোচন

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য চলমান নারী ফুটবল লিগে বিরতি পড়েছিল। নেপাল থেকে সোমবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দেশে ফিরেছে। দুই দিন বিশ্রাম নিয়ে মঙ্গলবার থেকে আবার লিগের খেলায় নেমে পড়বেন আলপি-অর্পিতারা।

লিগের আছে আর দুই রাউন্ড। এই দুই রাউন্ড শেষ করেই জাতীয় নারী ফুটবল দল এশিয়ান কাপ মিশনে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ২০ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে। দুই রাউন্ড বাকি থাকতে সোমবার উন্মোচন করা হয়েছে লিগের ট্রফি। গুলশানের সাহাবুদ্দিন পার্কে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দলগুলোর অধিনায়করা উপস্থিত ছিলেন।

লিগে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজশাহী স্টারস, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে। ৮ ম্যাচ শেষে রাজশাহী স্টারসের পয়েন্ট ২৪। অন্য দুই দলের ২১ করে। শেষ দুই রাউন্ডের ফলাফল লিগের ভাগ্য নির্ধারণের জন্য প্লে-অফ পর্যন্ত নিয়ে যেতে পারে।

যদি প্লে-অফ পর্যন্ত লিগ গড়ায় তাহলে কী হবে? জাতীয় দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে প্লে-অফ ম্যাচ আয়োজন হবে কিনা সে সিদ্ধান্ত এখনো নিতে পারেনি বাফুফে।

ফরাশগঞ্জের অধিনায়ক মারিয়া মান্দা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বলেছেন, ‘অনেকদিন ধরেই খেলার মধ্যে ছিলাম না। যখন আমাদের লিগটা শুরু হলো, আমরা সবাই খুব রোমাঞ্চিত ছিলাম আবার মাঠে ফিরতে পারছি মনে করে। শুরুতে কিছু জড়তা ছিল, যেহেতু অনেকদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলছি।’

লিগের মান নিয়ে মারিয়া মান্দা বলেছেন, ‘এবার কিন্তু বেশ কয়েকটা দল খুব ভালো ফাইট দিচ্ছে। বিশেষ করে বিকেএসপি বা নাসরিন স্পোর্টস একাডেমির মতো দলগুলো অনেক ভালো খেলছে। এতে আমাদের ওপরও একটা চাপ থাকে পারফর্ম করার, যেটা ফুটবলের উন্নতির জন্য খুব দরকার।’

রাজশাহী স্টারসের অধিনায়ক শিউলি আজিম ট্রফি উন্মোচনের বিলম্ব নিয়ে বলেছেন, ‘এটা আসলে আমাদের কাছে অতটা ম্যাটার করে না। বাফুফে তাদের সুবিধা অনুযায়ী এটি করেছেন।’

লিগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে শিউলি বলেছেন, ‘এবার লিগে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এবার লিগটা আগের তুলনায় অনেকটাই প্রতিযোগিতামূলক হয়েছে।’

আরআই/আইএইচএস/