খেলাধুলা

বার্সা প্রেসিডেন্টের পদ ছেড়ে পুনর্নির্বাচনের প্রস্তুতিতে লাপোর্তা

 

পুনর্নির্বাচনের লক্ষ্যে বার্সেলোনোর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন হুয়ান লাপোর্তা। সোমবার এক বিবৃতিতে ক্লাব জানায়, এর মাধ্যমে আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য ৩৫ দিনের কাউন্টডাউন শুরু হলো।

৫৪ শতাংশ ভোট পেয়ে ২০২১ সালের মার্চে ক্লাবের দায়িত্ব নেন লাপোর্তা। গঠনতন্ত্র অনুযায়ী প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলেন। আগামী সাড়ে তিন মাসের জন্য সহ-সভাপতি রাফা ইউস্তে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ব্যালটের মাধ্যমে আইনজীবী লাপোর্তা আবারও দায়িত্ব ফিরে পেতে চান এবং আগামী ১ জুলাই পুনরায় অফিসে ফেরার লক্ষ্য। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টের বিপক্ষে তাকেই স্পষ্ট ফেবারিট হিসেবে দেখা হচ্ছে।

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক ক্লাব নির্বাহী হাভিয়ের ভিলাজোয়ানা এবং অর্থনীতিবিদ মার্ক সিরিয়া। তাদেরও প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আইনগত বয়সে পৌঁছানো এবং অন্তত এক বছরের সদস্যপদ রয়েছে, এমন প্রায় ১ লাখ বার্সেলোনা সদস্য ভোট দেওয়ার যোগ্য।

বার্সেলোনা জানিয়েছে, ভোটার উপস্থিতি বাড়াতে এবারও একাধিক ভেন্যুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্লাবের নিজস্ব স্থাপনার পাশাপাশি কাতালোনিয়ার অন্য তিন প্রাদেশিক রাজধানী – জিরোনা, তারাগোনা ও লেইদা এবং আন্দোরার রাজধানী আন্দোরা লা ভেলায় ভোটকেন্দ্র স্থাপন করা হবে।

তবে বিরোধী প্রার্থীদের অনুরোধ সত্ত্বেও ডাকযোগে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ক্লাব।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘২০২১ সালের নির্বাচনে কোভিড-১৯ মহামারির কারণে ব্যতিক্রমীভাবে ডাকযোগে ভোটের ব্যবস্থা করা হয়েছিল।’

২০২১ সালের নির্বাচনে ভোট দেওয়া ৫৫ হাজার সদস্যের মধ্যে ২০ হাজারের বেশি ডাকযোগে ভোট দিয়েছিলেন।

আইএন