বিনোদন

আমিরের সিনেমায় ফিরছেন অরিজিৎ, ‘এক দিন’ ঘিরে চমক

সাই পল্লবী ও জুনায়েদে খানের অভিনীত সিনেমা ‘এক দিন’র প্রথম ঝলক মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ম্যাজিকাল রোম্যান্স, মিষ্টি আবহ এবং নায়ক-নায়িকার চোখে পড়ার মতো রসায়ন মিলিয়ে অল্প সময়েই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছবিটি। সুনীল পাণ্ডে পরিচালিত এই সিনেমা প্রযোজনা করছেন মনসুর খান, আমির খান ও অপর্ণা পুরোহিত। আগামী ১ মে মুক্তি পেতে চলেছে ‘এক দিন’।

এরই মধ্যে সামনে এসেছে সিনেমার সবচেয়ে বড় চমক। আমির খান প্রোডাকশনস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ‘এক দিন’র গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ফলে অনেক প্রতীক্ষিত এক মিউজিক্যাল যুগলবন্দির জন্য অপেক্ষা শুরু হয়ে গেছে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই গানের জন্য আমির খান নিজেই অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজ করেছেন। বিশেষ এই মিউজিক সেশনটি অনুষ্ঠিত হয়েছে অরিজিতের নিজ শহরে। কিছুদিন আগে প্লেব্যাক গান থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেওয়ার পর আমির-অরিজিত সাক্ষাৎ ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, আরিজিতকে ফেরাতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তার বাড়িতে হাজির হয়েছিলেন আমির। এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়েছে প্রযোজনা সংস্থা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়া করে নিয়ে প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘‘এক দিন’ সিনেমার গানে যেভাবে তুমি হৃদয় উজাড় করে দিয়েছ, তার জন্য ধন্যবাদ, অরিজিত।’

এ সিনেমায় প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে সাই পল্লবী ও জুনায়েদে খানকে। গল্পে জুনায়েদকে দেখা যাবে খানিকটা লাজুক ও অপ্রস্তুত তরুণের চরিত্রে, আর সাই পল্লবী থাকছেন আত্মবিশ্বাসী তরুণীর ভূমিকায়। টিজারেই ধরা পড়েছে তাদের ফ্রেশ ও মিষ্টি রসায়ন, যা এরই মধ্যে দর্শকদের নজর কাড়েছে।

‘এক দিন’ আরও একটি কারণে বিশেষ। দীর্ঘ বিরতির পর এ সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে কাজ করছেন আমির খান ও মনসুর খান। এর আগে এই আইকনিক জুটি উপহার দিয়েছে ‘কেয়ামত ছে কেয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’, ‘আকেলে হম আকেলে তুম’, ‘জানে তু ইয়া জানে না’র মতো জনপ্রিয় সব সিনেমা।

আরও পড়ুন:সামান্য পারিশ্রমিকে বিয়েবাড়িতে গাওয়া শিল্পী এখন কোটি টাকার মালিকবিজয়ের সঙ্গে বিয়ের গুঞ্জন, আলোচনায় রাশমিকার ভেঙে যাওয়া বাগদান

সব মিলিয়ে, সাই পল্লবী-জুনায়েদের নতুন জুটি, অরিজিৎ সিংয়ের কণ্ঠে প্রেমের গান এবং আমির-মনসুরের নস্টালজিক রিইউনিয়ন- ‘এক দিন’ এখন থেকেই ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক সিনেমা হয়ে উঠছে।

 

এমএমএফ/এলআইএ/এমএস