দেশজুড়ে

গাজীপুরে গণপরিবহন সংকট, ৪০০ টাকায় ট্রাকে উত্তরবঙ্গের পথে যাত্রীরা

একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকেই নির্বাচনি সব প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনে ভোট দেওয়ার জন্য এরই মধ্যে গাজীপুর ছাড়তে শুরু করেছেন হাজার হাজার মানুষ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কলকারখানা ছুটি হয়ে যাওয়ার পর তারা ছুটে যান বাস স্টপেজের দিকে। অনেকে বাড়ি ফিরতে পারলেও পর্যাপ্ত সংখ্যক যানবাহন না থাকায় রাতে অনেকেই গন্তব্যে যেতে পারেননি। যারা যেতে পারেননি ও আজ যারা গন্তব্যে যাচ্ছেন সকালে তারা বাস স্টপেজে এসে একই বিড়ম্বনায় পড়েছেন।

গাজীপুর থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের সংকট দেখা দিয়েছে ভোগরা পেয়ারা বাগান বাস কাউন্টারে। বাসের স্বল্পতা মেটানোর জন্য সরকারি পরিবহন বিআরটিসির বেশ কিছু বাস যুক্ত হয়েছে এই লাইনে। বিআরটিসির দ্বিতল বাসগুলোতে গাজীপুর বাইপাস পেয়ারা বাগান কাউন্টার থেকে রংপুর পর্যন্ত ৮০০ টাকা করে ভাড়া নিচ্ছে। অপরদিকে যারা বাসে যেতে পারছেন না তারা খোলা ট্রাকে অথবা মালবাহী ট্রাকের উপরে করে ৪০০ টাকা ভাড়ায় ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর ভোগড়া বাইপাস এলাকায় এ চিত্র দেখা গেছে।

রংপুরগামী যাত্রী আবুল হোসেন জাগো নিউজকে বলেন, সোমবার রাতে যেতে চেয়েছিলাম, বাস না পাওয়ায় আজ ট্রাকে করে যাচ্ছি। অন্যান্য সময় রংপুরের লোকাল গাড়িতে ৪০০-৫০০ টাকা ভাড়া নেয়। গতকাল রাতে ১২০০ টাকা করে আমাদের কাছে ভাড়া চেয়েছে। তাই অনেকে যেতে পারেনি।

বাইপাস এলাকার এক বাস কাউন্টারের ম্যানেজার নাম প্রকাশ না করে জানান, অন্যান্য সময় রংপুরের ভাড়া নেওয়া হয় ৩০০-৫০০ টাকার মধ্যে। প্রকৃতপক্ষে ভোগড়া বাইপাস থেকে রংপুরের ভাড়া ৮০০ টাকা। কিন্তু কিছু লোকাল পরিবহন বিভিন্ন দিবস উপলক্ষে তারা ভাড়া বাড়িয়ে দেওয়ায় অনেক পরিবহনের বদনাম হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, যাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে যাওয়ার জন্য পুলিশ সর্বাত্মক সহায়তা করছে। যাত্রীরা কোনো অভিযোগ করলে তা প্রতিকারের ব্যবস্থা করা হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/এমএন/এমএন