দেশজুড়ে

খাগড়াছড়িতে নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত আনসার-ভিডিপি ২৬০০ সদস্য

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা প্রস্তুত রয়েছে। এর মধ্যে ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য জেলার ৯টি উপজেলার ২০৩টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বাকি সদস্যরা রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চেঙ্গী ব্রিজ সংলগ্ন খাগড়াছড়ি সদরের মাঠে আনসার ও ভিডিপির নির্বাচনি প্রস্তুতিমূলক প্যারেড ও ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জ কমান্ডার ড. মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হয়েছে। আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন পুলিশ সদস্যের পাশাপাশি ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় আনসারের প্রায় ১৯টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। প্রতিটি প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন করে স্বশস্ত্র আনসার সদস্য নিয়োজিত থাকবেন।

ড. মোহাম্মদ সাইফুর রহমান বলেন, কোনো প্রার্থী বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে যাতে খাবার বা কোন রকমের অনৈতিক সুবিধা গ্রহণ না করে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় খাগড়াছড়ি জেলা আনসার কমান্ড্যান্ট মো.আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

প্রবীর সুমন/এনএইচআর/জেআইএম