জাতীয়

চট্টগ্রামে নির্বাচনের সব প্রস্তুতি শেষ

চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা মঙ্গলবার সকালেই শেষ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৬টি সংসদীয় আসনে ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। সোমবারের মধ্যেই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে ব্যালট পেপার। এর আগে জেলা নির্বাচন কার্যালয় থেকে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপকরণও পাঠানো হয়েছিল।

নির্বাচনি উপকরণ বুধবার ভোটকেন্দ্রে পাঠানো হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তারা ব্যালট পেপারসহ উপকরণ প্রিসাইডিং কর্মকর্তা ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেবেন।

চট্টগ্রামের ১৬টি আসনের রিটার্নিং কর্মকর্তা তিনজন। নগর ও সংলগ্ন ৫টি আসনের দায়িত্বে আছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলার ১০টি আসনের দায়িত্বে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এবং নগরের একটি আসনের দায়িত্বে আছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে গত রোববার। প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের জন্য আলাদা প্রশিক্ষণে ভোটগ্রহণ, ব্যালট ব্যবস্থাপনা এবং ফলাফল প্রেরণের পদ্ধতি শেখানো হয়েছে।

চট্টগ্রামে এবার মোট ১১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ এবং হিজড়া ভোটার ৭০ জন। ভোটগ্রহণ হবে ১ হাজার ৯৬৫ কেন্দ্রে, যেখানে ১২ হাজার ৬০১টি ভোটকক্ষ রয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্বে থাকবেন।

নির্বাচনকেন্দ্রগুলোকে সাধারণ, গুরুত্বপূর্ণ, অতিগুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ভাগ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সতর্ক থাকবে।

এমআরএএইচ/বিএ/জেআইএম