ক্যাম্পাস

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, রাবি অধ্যাপককে অব্যাহতি

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল আলী মোল্লা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

গত ৪ জানুয়ারি রাজশাহীর চন্দ্রিমা থানায় মামলাটি করেন ভুক্তভোগী ছাত্রী। তদন্তের স্বার্থে ওই শিক্ষকের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল আলী মোল্লাকে সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে ২০২১ সাল থেকে ওই শিক্ষকের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও চলে। গত ২৭ ডিসেম্বর অভিযুক্ত শিক্ষক তার মায়ের অসুস্থতার কথা বলে ওই ছাত্রীকে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যান।

বাসায় কেউ না থাকার সুযোগে তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণচেষ্টা চালান। পরদিন (২৮ ডিসেম্বর) ভোরে অভিযুক্ত শিক্ষক কৌশলে বাসা থেকে পালিয়ে যান এবং পরে জনৈক এক নারীকে ‘বউ’ সাজিয়ে এবং আরও তিন সহযোগীসহ বাসায় ফিরে আসেন। সেখানে ভুক্তভোগীকে মারধর ও শারীরিক-মানসিকভাবে নির্যাতন করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম