দেশজুড়ে

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের পোল্টির মোড় এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রাম দা, ৫টি ছোট রাম দা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র।

বুধবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকার বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় স্থাপিত নির্বাচনি বেইজ ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অস্ত্র উদ্ধারে বিজিবি সদস্যরা ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা করেন।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ০৮টি বিদেশি পিস্তল, ০২টি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ ১৩ জন আসামি আটক করা হয়েছে।

আল-মামুন সাগর/কেএইচকে/এএসএম