মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপেস্টেইন ফাইলে প্রধান নির্বাহির নাম থাকা ডিপি ওয়ার্ল্ডে নতুন কোনো বিনিয়োগ করবে না কানাডা। ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনা করা একটি লজিস্টিকস কোম্পানি।
কানাডার কুইবেক প্রদেশের রাষ্ট্রীয় পেনশন ফান্ড লা কেস দে দেপো এ প্লাসমঁ দু কুইবেক এ তথ্য জানিয়েছে।
এই সিদ্ধান্তের কারণ হিসেবে ফান্ড কর্তৃপক্ষ উল্লেখ করেছে, কোম্পানির প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইম-এর নাম সম্প্রতি প্রকাশিত মার্কিন বিচার বিভাগের এপস্টেইন ফাইলস-এ উঠে এসেছে। সেখানে দেখা গেছে, তিনি বহু বছর ধরে দণ্ডিত যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইন-এর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
লা কেস স্পষ্ট করেছে যে তারা ডিপি ওয়ার্ল্ডের শেয়ারহোল্ডার নয়, বরং বিভিন্ন বন্দর প্রকল্পে অংশীদার। প্রতিষ্ঠানটি বলেছে, আমরা কোম্পানিকে জানিয়েছি যে তারা যেন বিষয়টি পরিষ্কার করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাট সদস্য রো খান্না এপস্টেইন ফাইলসে নাম প্রকাশিত ছয় ব্যক্তির মধ্যে বিন সুলাইমের নাম উল্লেখ করেন। তবে তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি।
ডিপি ওয়ার্ল্ড বর্তমানে বিশ্বজুড়ে ৬০টিরও বেশি বন্দর পরিচালনা করে এবং কানাডার ভ্যাঙ্কুভার, মন্ট্রিয়ল, প্রিন্স রুপার্টসহ বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম রয়েছে।
লা কেস ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর ও ফ্রি জোনে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল।
এই ঘোষণা আন্তর্জাতিক ব্যাবসায়িক অংশীদারিত্বে সুনাম কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা আবারও প্রমাণিত হলো। বিনিয়োগকারীরা এখন শুধু আর্থিক লাভ নয় বরং নির্বাহীদের ব্যক্তিগত বিতর্ককেও গুরুত্ব দিয়ে দেখছেন।
সূত্র: আল-জাজিরা
কেএম