রাজনীতি

শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

দেশের শীর্ষ আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিভিন্ন গণমাধ্যমে ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন’—এমন সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।

তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে।

তিনি মনে করেন, আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে সঠিক নির্দেশনা পাবেন।

বিবৃতিতে তিনি আবারও দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ইসলামি মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

কেএইচ/এমআইএইচএস