জাতীয়

সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল জানা যাবে কখন?

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে এবার একই সঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের ফলাফলে দেরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)।

গত ২১ জানুয়ারি এক সংবাদ সম্মেলেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ভোটের ফলাফল প্রসঙ্গে বলেন, এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে। এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে। ভোটের ফলাফল পেতে দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।

গত ১০ ফেব্রুয়ারি নির্বাচনকালীন বিদেশি সাংবাদিকদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণায় তুলনামূলকভাবে সময় বেশি লাগতে পারে। রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ব্যালট কেন্দ্রগুলোর ফলাফল অন্য কেন্দ্রের তুলনায় আসতে একটু বেশি সময় লাগবে। যদিও ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা চলছে।

দেরি হওয়ার কারণ প্রসঙ্গে ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালট পেপারের কাঠামোগত কারণে একাধিকবার যাচাই করে দেখার প্রয়োজন হতে পারে। এতে কিছুটা দেরি হলেও কোনো অবস্থাতেই সময় বেশি দীর্ঘায়িত হবে না। রিটার্নিং কর্মকর্তারা তাদের আওতাধীন কেন্দ্রগুলোর ভোটের ফলাফল যোগ করে তা ঘোষণা করবেন উল্লেখ করে ইসি সচিব বলেন, এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তারা ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় ফলাফল কম্পাইলেশনের জন্য সময়সূচি ঘোষণা করেছেন।

আরও পড়ুনসচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টারভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির 

জানা গেছে, এবার কেন্দ্রে ফল দেওয়ার পর আসনভিত্তিক একীভূত ফল ঘোষণা করা হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। তারপর তা নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা করা হবে।

সম্প্রতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সংসদ ও গণভোটের ফল একসঙ্গে দেওয়া হবে। কেন্দ্রেও ভোট গণনা একসঙ্গে হবে, ফলও একসঙ্গে। গণনা কার্যক্রম একই সঙ্গে শুরু হবে। তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছেন, আর কেউ থাকবেন না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ঘোষণা করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে।

আরেক নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আশা করছি ফলাফল যত শিগগির সম্ভব, নির্বাচনের পরপরই হয়ে যাবে। ১৩ ফেব্রুয়ারির প্রথম ভাগে হয়তো ফলাফল ঘোষণা করা যাবে।

ইসি সংশ্লিষ্টরা জানান, এবার গণনায় মূল দেরির কারণ হবে পোস্টাল ব্যালট। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তার নির্ধারণ করে দেওয়া কক্ষে পোস্টাল ব্যালট গোনা শুরু হবে। এ জন্য প্রতিটি সংসদীয় আসনে একজন করে মোট ৩০০ প্রিসাইডিং অফিসার নিয়োগ দিয়েছে ইসি। এ সময় প্রার্থীর মনোনীত একজন করে পোলিং এজেন্টও উপস্থিত থাকতে পারবেন। গণনার শুরুতে খাম খুলে ঘোষণাপত্রে ভোটারের সই যাচাই করা হবে। যথাযথ সইযুক্ত ঘোষণাপত্র থাকলেই ব্যালট বৈধ হিসেবে গণনা হবে। ঘোষণাপত্রে নাম বা এনআইডি না থাকলেও শুধু সই থাকলেই ব্যালট বৈধ হবে, না হলে ব্যালট বাতিল হবে। সব বৈধ ব্যালট আলাদা করে সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল নির্ধারণে অন্তর্ভুক্ত করা হবে। কেন্দ্রের মতোই পোস্টাল ব্যালটেও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট প্রাথমিকভাবে গণনা করা হবে। তবে এখানে ঘোষণাপত্র যাচাই-বাছাইসহ একাধিক ধাপ পার করে গণনা শুরু করতে হবে। সেজন্য এখানেই সবচেয়ে বেশি সময় প্রয়োজন হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলী বলেন, নির্বাচন কমিশন যদি জোর চেষ্টা চালায় তাহলে শুক্রবার সন্ধ্যার আগেই ফল প্রকাশ করতে পারবে। তার আগেও ফল আসতে থাকবে এবং তা প্রকাশ হতে থাকবে।

এদিকে ইসি জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটে কত শতাংশ ভোট পড়লো, দুই ঘণ্টা পরপর সেই তথ্য নেওয়া হবে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্র ভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা নির্ধারিত সময় অন্তর সংগ্রহ ও যাচাই করে ইসির নির্ধারিত ডিজিটাল সিস্টেমে আপলোড করা হবে, যা কমিশন তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবে। দুই ঘণ্টা পরপর ভোটকেন্দ্র ভিত্তিক প্রদত্ত ভোটের হিসাব পাঠাতে হবে। এক্ষেত্রে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক নিয়োজিত ডাটা অ্যান্ট্রি অপারেটরে লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা পর পর প্রদত্ত ভোটের সংখ্যা অ্যান্ট্রি করবেন।

জানা গেছে, ১৯৭৭ সালে প্রথম গণভোটে ফল ঘোষণায় ৩০ ঘণ্টা সময় লেগে যায়। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ হাজার ২৮ জন, ভোটে অংশ নিয়েছে ৫০টি দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। একজন ভোটার দুটি ব্যালটে ভোট দেবেন। সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো; গণভোটেরটি গোলাপি।

এসএম/ইএ