দেশজুড়ে

প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ: ভিপি নূর

একটি নির্বাচনে সাধারণত ৫ থেকে ৭ কোটি টাকা ব্যয় হয়। কিন্তু আমরা এই নির্বাচনে কোনো টাকা খরচ করছি না। সে কারণেই প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছি না। প্রশাসনের একটি অংশ অর্থ প্রত্যাশা করছে, যা আমরা দিচ্ছি না। এতে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তারা কারো পক্ষে অবস্থান নিচ্ছে নাকি আমাদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে- তা এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পরিবারের সদস্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন। ভোট প্রদান শেষে এমন অভিযোগ করেন ভিপি নূর।

তিনি বলেন, এই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যক্তি যত বড় সরকারি কর্মকর্তা হোন না কেন, তাকে আইনের আওতায় আনার জন্য যা কিছু প্রয়োজন আমরা করবো।

প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ অনিয়ম করলে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও আইনের শাসন নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাবো।

পটুয়াখালী-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য হাসান মামুনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

মাহমুদ হাসান রায়হান/এফএ/এএসএম