রাজনীতি

বিএনপি মব সৃষ্টি করে ভোট জালিয়াতির চেষ্টা করেছে, প্রমাণ আছে

বুধবার রাতে বিএনপির লোকজন মব সৃষ্টি করে ভোট জালিয়াতির চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ডেমরার পশ্চিম সানারপাড়ে ফুলকুড়ি আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কামাল হোসেন বলেন, আমার প্রতিপক্ষের বন্ধুরা, বিশেষ করে ধানের শীষ গত রাতে শামসুল হক খান স্কুল, শহীদ জিয়া স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যাত্রাবাড়ী, দারুন্নাজাত মাদ্রাসা, রুস্তম আলী স্কুলসহ আমাদের সকল প্রতিষ্ঠানে একযোগে মব সৃষ্টি করে এখানে ভোট জালিয়াতির চেষ্টা করেছেন। আমার কাছে তথ্য নয় শুধু, এক্ষেত্রে দেশের মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলো আপনার ভূমিকা রাখছে, কথা বলছে এবং তারা তথ্য এক্ষেত্রে জাতিকে জানিয়েছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী বলেন, আমাকে নিয়ে গত রাতে একদল গুজব ছড়িয়েছে। আমার কাছে তথ্য আছে এখানে ধানের শীষের প্রার্থী নিজে এবং অন্যান্য নেতাদের নিয়ে শামসুল হক খান স্কুলে প্রবেশ করেছেন। জনতার ধাওয়ায় চারজন পালিয়ে গেছেন, পরবর্তীতে পুলিশ এসেছে, সেনাবাহিনী অলরেডি এসেছে। সেক্ষেত্রে জনগণ দেখেছে গত রাত থেকে তারা কেন্দ্র দখলের চেষ্টা করেছে। জামায়াত-শিবির এবং সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করেছে। আমরা বিভিন্ন কেন্দ্রে সারারাত পাহারা দিয়েছি। 

সারারাত্রে তারা মব সৃষ্টি করে বিভিন্ন কেন্দ্র দখলের চেষ্টা করেছে। আমাদের কাছে সকল তথ্য আছে...আমাদের কাছে নয় শুধু, জনগণের কাছে তথ্য আছে।

‘এখন পর্যন্ত যে অবস্থা চলছে, এই অবস্থা যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং সকল ক্ষেত্রে আমাদের ভোটাধিকার প্রয়োগ যদি নিশ্চিত হয়, সেক্ষেত্রে আমি ১০০ ভাগ আশাবাদী ইনশাআল্লাহ, জয়ী হবো।’ বলেন দাঁড়িপাল্লার প্রার্থী।

ভোটের পরিবেশের বিষয় তিনি বলেন, ‘আমি ভোটের পরিবেশ ভালো দেখছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে।’

সারা দেশে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ডে মোট ১৫০টি কেন্দ্রের ৭৮১টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন।

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা, কদমতলী (আংশিক) থানা নিয়ে গঠিত ঢাকা-৫ সংসদীয় আসন। এ আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড। 

ঢাকা-৫ আসনে মোট প্রার্থী ১১ জন। বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নবী (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাজী মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)। মূলত এ তিন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।

এছাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির তোফাজ্জল হোসেন মোস্তফা (কাস্তে প্রতীক), গণঅধিকার পরিষদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (ট্রাক প্রতীক), জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল প্রতীক), লেবার পার্টির মো. গোলাম আজম (আনারস প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. তাইফুর রহমান রাহী (ছড়ি প্রতীক), সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) শাহিনুর আক্তার সুমি (কাচি প্রতীক), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. হুমায়ূন কবির (ছাতা প্রতীক) ও বাংলাদেশ কংগ্রেসের মো. সাইফুল আলম (ডাব প্রতীক)।

আরএমএম/এসএইচএস