জাতীয়

আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ও নিরাপদ: আবু সুফিয়ান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁও আবাসিক বি ব্লকস্থ সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, গণতান্ত্রিক অভিযাত্রায় আজ এক নতুন অধ্যায় শুরু হলো। আজ আমি অতি আনন্দিত, আমরা আমাদের নাগরিক অধিকার তথা ভোটাধিকার নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করতে পারছি। গণতন্ত্রের জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) এদেশের মানুষ সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমাদের নেত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করা হয়েছিল। তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। সে গণতন্ত্র আজকে ফিরে পাওয়ার আশায় মানুষ লাইন ধরে ভোট প্রদান করছে। এই গণতান্ত্রিক ধারা বাংলাদেশে অব্যাহত থাকুক। আজকের দিনে একমাত্র প্রত্যাশা আর যেন কোনো দিন কোনো অপশক্তি জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে।

তিনি জানান, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ।

এমআরএএইচ/এসএনআর/এএসএম