জাতীয়

মালিবাগ কেন্দ্রে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

ঢাকা-১১ আসনের মালিবাগ চৌধুরীপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৩৮ জন। এই কেন্দ্রে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৫২৩টি। যা ওই কেন্দ্রের মোট ভোটের ১৯ দশমিক ৮৩ শতাংশ।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ তানজিম হোসেন এ তথ্য জানিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রের ভোটার সংখ্যা বাড়ছে। জানা গেছে, প্রথম ২ ঘণ্টায় এ কেন্দ্রে ২২৩ জন ভোট দিয়েছেন। যা ৮ দশমিক ৪৫ শতাংশ ছিল।

এদিকে সরজমিনে এই কেন্দ্রে তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা সাড়ে ১১ টার দিকে এখানে প্রায় শতাধিক তরুণের দীর্ঘ লাইন দেখা গেছে।

আফিফ নামের একজন ভোটার বলেন, প্রায় আধা ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো সামনে প্রায় ২০ থেকে ৩০ জন ভোটার রয়েছেন। এখনো আধা ঘণ্টা লাগবে বলে মনে হচ্ছে।

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম বেশ আলোচনা আছেন।

এনএইচ/জেএস