চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনের ফলে স্বস্তি ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মৌলভিবাজার শাখার নেতাকর্মীদের মাঝে। তারা মনে করছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন মামলায় জেলার ৭টি উপজেলার প্রায় হাজারও নেতাকর্মী জেল খেটেছেন। অনেকে এখনো কারাগারে বন্দি আছেন।
পুলিশের ভয়ে ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ সাধারণ নেতাকর্মীদের অনেকেই আত্মগোপনে আছেন। যারা জামিনে মুক্তি পেয়েছেন, তাদের বেশিরভাগই গা ঢাকা দিয়েছেন। তবে, এখন তাদের অধিকাংশই স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মৌলভীবাজার আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, আশা করছি, নির্বাচনের পর আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। দীর্ঘ ১৮ মাস আমরা আত্মগোপনে আছি। অনেকেই জেল খেটেছেন। অনেকেই পরোয়ানাভুক্ত আসামি হয়ে ফেরারি ঘুরে বেড়াচ্ছেন। এতদিন আমরা চাইলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। আশা করি, নির্বাচনের পর আমাদেরকে আর কেউ হয়রানি করবে না।
আব্দুল হালিম (ছদ্মনাম) বলেন, যদিও আমরা নির্বাচনের পক্ষ নই। তবুও চাই, নির্বাচন হয়ে যাওয়ার পরে আমাদের ‘সাধারণ নিরীহ’ নেতাকর্মীরা যেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন। কাউকে যেনো কেউ হয়রানি না করা হয়।
নির্বাচনের বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, কোনো পরোয়ানাভুক্ত পলাতক আসামি যদি আমাদের চোখে পড়ে, তাহলে আমরা গ্রেফতার করবো। এছাড়া যে কেউ ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন, কারণ এটা তার অধিকার।
এম ইসলাম/এসএএইচ