দেশজুড়ে

জয়পুরহাটে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৮ শতাংশ

জয়পুরহাটে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত ২৫৫ কেন্দ্রে ভোট পড়েছে ৩৮ দশমিক ০৫ শতাংশ। জেলা নির্বাচন কমিশনের একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

জেলার ২টি সংসদীয় আসনে এবার নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এবার জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে গণভোট।

সূত্র জানায়, জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীতে ২ প্লাটুন র‍্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ২২ জন পুলিশ এবং মোট ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য কাজ করছে। এছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। জয়পুরহাট জেলার ২টি নির্বাচনি আসনে মোট ২৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১০০টি এবং ১৫৫টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অপরদিকে, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে জয়পুরহাটে ৭ হাজার ৪৭৭ জন (দেশে ও প্রবাসী মিলিয়ে) ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৯৫৭ জন এবং নারী ১ হাজার ৫২০ জন।

অন্যদিকে, জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসনে মোট ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ২৭৪ জন। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনে রয়েছে ১০৪টি ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান মোবাইলফোনে জানান, জেলার এখন পর্যন্ত ভোট পড়েছে ৩৮ দশমিক ০৫ শতাংশ। এদিন সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।

মাহফুজ রহমান/এনএইচআর/এএসএম