জাতীয়

রামপুরার ৪ কেন্দ্রে ভোট পড়েছে ২৩ শতাংশ

রাজধানীর রামপুরা এলাকার চারটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরুর প্রথম ৪ ঘণ্টায় গড়ে ২৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে দুটি পুরুষ ভোটকেন্দ্র এবং দুটি নারী ভোটকেন্দ্র। নারীদের তুলনায় প্রথম চার ঘণ্টায় পুরুষদের ভোট দেওয়ার হার বেশি।

সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, ৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ১৭০ জন। এর মধ্যে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ১ হাজার ৯০৯ জন, যা মোট ভোটারের প্রায় ২৩ দশমিক ৪ শতাংশ।

এর মধ্যে রামপুরা সালামবাগ জামে মসজিদ কেন্দ্রে ৪টি বুথে মোট ভোটার ১ হাজার ৯৬২ জন। প্রথম ৪ ঘণ্টায় সেখানে ভোট পড়েছে ৪৬৭টি, যা মোট ভোটারের প্রায় ২৩ দশমিক ৮ শতাংশ। এই কেন্দ্রটি পুরুষদের জন্য নির্ধারিত।

সালামবাগ জামে মসজিদ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাবিবুননবী জাগো নিউজকে বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা শৃঙ্খলার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতিও বেশ ভালো। প্রথম চার ঘণ্টায় ২৩ শতাংশের ওপর ভোট পড়া অবশ্যই সন্তোষজনক।

পুরুষদের আর একটি ভোট কেন্দ্র দিদার আদর্শ কিন্ডারগার্টেন স্কুল। এই কেন্দ্রে ৪টি বুথে মোট ভোটার ১ হাজার ৯৮১ জন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৫৮৩টি। এ কেন্দ্রে ভোট পড়ার হার ২৯ দশমিক ৪ শতাংশ, যা চার কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ।

এই কেন্দ্রর প্রিজাইডিং কর্মকর্তা মো. তৌফিক মাহমুদ জাগো নিউজকে বলেন, ভোটার উপস্থিতি ভালো। সকাল সাড়ে ৭টা থেকে আমরা ভোট গ্রহণ শুরু করেছি। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি খুব ভালো। ভোটারদের উপস্থিতি এতোটাই ভালো আমাদের ভোটগ্রহণের দায়িত্বপালনকারীরা এক মিনিটের জন্যও বিশ্রাম নিতে পারছেন না।

তিনি বলেন, এখানে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। কোথাও কোনো ধরনের সমস্যা নেই।  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সার্বিকভাবে পরিবেশ সুন্দর ও নিয়ন্ত্রিত রয়েছে।

নারীদের জন্য নির্ধারিত গ্রীন গার্ডেন ল্যাবরেটরিজ স্কুল কেন্দ্রে ৪টি বুথে মোট ভোটার ১ হাজার ৭৬০ জন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৩৮৪টি, অর্থাৎ ভোট পড়ার হার ২১ দশমিক ৮ শতাংশ।

এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. খলিলুর রহমান জাগো নিউজকে বলেন, নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রথমদিকে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিলো। এখন ভোটারদের উপস্থিতি বাড়ছে।

তিনি বলেন, সকালে নারীদের বাসায় কাজ থাকে। এ কারণে হয় তো ভোট গ্রহণের শুরুর দিকে উপস্থিতি কম ছিলো। বাসার কাজ গুছিয়ে এখন নারীরা ভোট দিতে আসছেন। ফলে ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।  

নারীদের জন্য নির্ধারিত আর একটি কেন্দ্র পূর্ব রামপুরা হাই স্কুল। এখানে এক নম্বর কেন্দ্রে ৫টি বুথে মোট ভোটার ২ হাজার ৪৬৭ জন। চার ঘণ্টায় সেখানে ভোট পড়েছে ৪৭৫টি, যা মোট ভোটারের প্রায় ১৯ দশমিক ৩ শতাংশ। এই কেন্দ্রটিতে ভোট পড়ার হার তুলনামূলক কম।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আমার কেন্দ্রে নারীদের ভোট দেওয়ার জন্য ৫টি বুথ আছে। প্রথম ৪ ঘণ্টায় যে ভোট পড়েছে আমরা এটাকে সন্তোষজনক মনে করছি। কারণ প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে সকাল ৯টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়ছে। এ পর্যন্ত ভোট গ্রহণ নির্বিঘ্ন রয়েছে। ভোটাররা নির্ভয়ে ভোট দিচ্ছেন। কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

এমএএস/জেএস