উত্তরের জনপদ বগুড়ায় উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর একটি বড় অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে নারী ও নতুন ভোটারদের সরব উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।
বগুড়া-৬ (সদর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ জায়েদ ইবনে আবুল ফজল নিশ্চিত করেছেন যে, দুপুর ২টা পর্যন্ত এই আসনে ৫৬ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে। এই আসনের মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের মধ্যে এরই মধ্যে ভোট দিয়েছেন বড় একটি অংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়। শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রগুলোতে জড়ো হতে থাকেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সারি দীর্ঘ হতে দেখা গেছে।
বগুড়া-৬ আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত ইসলামীর আবিদুর রহমান সোহেল। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল্লাহ আল ওয়াকি (তারা), আবু নুমান মোঃ মামুনুর রশিদ (হাতপাখা) এবং দিলরুবা নূরী (মই)।
সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সদর আসনের ১৫০টি কেন্দ্রের সবকটিতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল ওয়াজেদ জানান, এই আসনে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সক্রিয় রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের মোবাইল টিমগুলোও টহল দিচ্ছে।
বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এল.বি/কেএসকে