ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার চেষ্টা করেছে বিএনপি কর্মীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এবি পার্টি ফেনী শাখার মিডিয়া সম্পাদক হাবিব মিয়াজী জানান, দুপুরে মজিবুর রহমান মঞ্জু ওই কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল হান্নান ও শহিদের নেতৃত্বে বিএনপি কর্মীরা বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলতে থাকে এবং এক পর্যায়ে তারা মঞ্জুর দিকে তেড়ে আসে। পরে ঈগল মার্কার উপস্থিত সমর্থকরা মঞ্জুকে ঘিরে ধরে হামলা থেকে রক্ষা করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে তালহা নামে একজন ঈগল সমর্থককে বেদম মারধর করে বিএনপি কর্মীরা।
এছাড়া ধর্মপুরের জোয়ার কাছাড় কেন্দ্রে মজিবর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনি এজেন্ট আনম আব্দুর রহিমকে হামলা করে আহত করে এবং তার গাড়িটি ভেঙ্গে দেয় বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি নেতা জামাই কামরুলের নেতৃত্বে এই হামলা হয়।
এছাড়া পাঁচগাছিয়া ইউনিয়িনের এলাহিগঞ্জে ঈগল মার্কার বেশ কয়েকজন সমর্থককে আহত করে। হামলায় শর্শদী ইউনিয়নের ঘাগরা এবং ফরহাদ নগরের কালিদাস উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জামায়াতের এক নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করে।
অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে বারবার কল দিলে তারা রিসিভ করেননি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/এমএন