পঞ্চগড়ের আটোয়ারিতে নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারি উপজেলার আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের গেটের সামনে থেকে তাকে প্রশাসনের হাতে ধরিয়ে দেন ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকেরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এই আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসের বাড়ি আটোয়ারি উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকার বিমল দাসের ছেলে।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সুকুমার দাস বাবুসহ দুইজন এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে শাপলা কলি প্রতীকে ভোট চান। পরে ধানের শীষ প্রতীকের স্থানীয় কর্মী-সমর্থকেরা তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করলে তাকে জেল জরিমানা প্রদান করা হয়। পরে তাকে আটোয়ারি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়র রহমান বলেন, দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসকে দ্রুত সময়ে জেলে পাঠানো হবে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, আটোয়ারি উপজেলার একটি কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে জাল ব্যালট পেপার রাখার অপরাধে একজনকে ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
সফিকুল আলম/এনএইচআর/এমএন