ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চার ঘণ্টায় এ জেলায় গড়ে ৩১ দশমিক ৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পটুয়াখালী-১, পটুয়াখালী-২, পটুয়াখালী-৩ ও পটুয়াখালী-৪ এই চারটি আসনের সবগুলো ভোটকেন্দ্র থেকেই ভোটগ্রহণের তথ্য সংগ্রহ করা হয়েছে।
আসনভিত্তিক ভোটগ্রহণের চিত্র অনুযায়ী পটুয়াখালী-১ আসনে মোট ১৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৩টি কেন্দ্রে ভোট পড়েছে ২৭ শতাংশ। পটুয়াখালী-২ আসনে মোট ১১৫টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৩৫ শতাংশ। পটুয়াখালী-৩ আসনের ১২৪টি ভোটকেন্দ্রে ভোটের হার ছিল ৩২ শতাংশ। পটুয়াখালী-৪ আসনের ১১১টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৩২ শতাংশ।
পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, পটুয়াখালীর চারটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতায় ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে।
মাহমুদ হাসান রায়হান/ওএফএফ